টি-টোয়েন্টি ক্রিকেটে সময়টা দারুণ যাচ্ছে বাংলাদেশ দলের। অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে স্মরণকালের সেরা সময় কাটাচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি দল। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পুরোদমে চলেছে প্রস্তুতি, যদিও শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলা হয়নি। তবে নিউজিল্যান্ড সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচে দাপুটে এক জয়ে টাইগাররা প্রমাণ করে দিয়েছে প্রস্তুতিতে মরচে ধরেনি একদমই। কিউইদের ৬ উইকেটে হারিয়ে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে বাংলাদেশের সফলতম টি-টোয়েন্টি অধিনায়ক কি লিটন দাস? অন্তত পরিসংখ্যান তা-ই বলছে। অন্তত ১০ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন এমন অধিনায়কদের মধ্যে জয়ের হারে সবচেয়ে এগিয়ে আছেন লিটন দাস। লিটনের অধীনে ৩০ ম্যাচে ১৬ জয়ের সাথে ১৩ ম্যাচ হেরেছে বাংলাদেশ। জয় এসেছে ৫৩.৩৩% ম্যাচে। লিটনের আশেপাশে আর কেউ নেই। অন্তত ১০ ম্যাচ অধিনায়কত্ব করাদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন নাজমুল হোসেন শান্ত, জয় এনে দিয়েছেন ৪১.৬৬% ম্যাচে। তৃতীয় স্থানে রয়েছেন সাকিব আল হাসান, সাকিবের নেতৃত্বে জয় এসেছে ৪১.০২% ম্যাচে। শান্ত-সাকিবদের পরের অবস্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৪৩ ম্যাচে ১৬ জয় এসেছে রিয়াদের নেতৃত্বে, জয় এসেছে ৩৭.২% ম্যাচে।