দু-এক দিনের মধ্যে দেশে ফিরতে পারে যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ

এফএনএস অনলাইন | প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৬, ১১:৫০ এএম
দু-এক দিনের মধ্যে দেশে ফিরতে পারে যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানিয়েছে, এক থেকে দুই দিনের মধ্যেই মরদেহ বাংলাদেশে পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। এ নিয়ে পরিবার ও স্বজনদের অপেক্ষার প্রহরও যেন শেষের দিকে।

বুধবার (২৯ এপ্রিল) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, পুলিশ লিমনের মরদেহ দক্ষিণ ফ্লোরিডার টাম্পার একটি ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট, স্থানীয় বাংলাদেশি কমিউনিটি এবং ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সমন্বয়ে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, পরিবারের সম্মতি নিয়েই সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ইসলামি শরিয়াহ অনুযায়ী পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। মরদেহ দেশে পাঠাতে আর দু-এক দিন সময় লাগতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

ঘটনাটি আলোচনায় আসে গত ১৬ এপ্রিল, যখন লিমন ও আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। আট দিন পর শুক্রবার হিলসবরো কাউন্টি শেরিফ অফিস হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করে। এরপর থেকেই শুরু হয় মরদেহ দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া।

একই ঘটনায় নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টিকে ঘিরেও উদ্বেগ রয়েছে। দ্বিতীয় সূত্রে বলা হয়েছে, বৃষ্টির মরদেহের অংশবিশেষ উদ্ধারের তথ্যও সামনে এসেছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা ও সংকট মুহূর্তে সহায়তার বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে এ ঘটনা। লিমনের মরদেহ দেশে ফিরলে পরিবার ও স্বজনদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে।

আপনার জেলার সংবাদ পড়তে