পাবনার চাটমোহরে সিএনজি ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে সিএনজির তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল ৯টার দিকে চাটমোহর বাইপাস সড়কের উথুলী এলাকায়। আহতরা হলেন,ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা গ্রামের আকাশ কুমার সূত্রধর (৪৫),হুমায়ুন কবির (৪৭) ও হুমায়ুন কবিরের স্ত্রী সুচিত্রা খাতুন (৩৮)। এরমধ্যে হুমায়ুন ও তার স্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আকাশ সুত্রধর চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন। থানা পুলিশ মাইক্রোবাস ও সিএনজি আটক করে থানা হেফাজতে রেখেছে। জানা গেছে,ভাঙ্গুড়া থেকে একটি সিএনজিচালিত থ্রি-হুইলার যাত্রী নিয়ে পাবনা যাচ্ছিল। পথিমধ্যে চাটমোহর বাইপাস সড়কের উথুলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজির তিন যাত্রী গুরুতর আহত হন।