অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, সংসদে মানবিকতার দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৬, ০৫:০১ পিএম
অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, সংসদে মানবিকতার দৃষ্টান্ত

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ রবিউল বাশারের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালে ঘটে এই ঘটনা। পরে জোহরের নামাজের বিরতিতে সংসদ লবিতে গিয়ে অসুস্থ এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার নির্দেশ দেন।

দুপুর প্রায় ১টা ৪০ মিনিটে অধিবেশনের প্রথম পর্ব চলাকালে হাফেজ রবিউল বাশার অসুস্থ হয়ে পড়লে সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে দ্রুত অধিবেশন কক্ষ থেকে লবিতে নেওয়া হয়। সেখানে উপস্থিত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, পরিস্থিতির খবর পাওয়ার পর প্রধানমন্ত্রী নিজে সংসদ লবিতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। একই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার নির্দেশনাও দেন।

সংসদ সূত্রে জানা যায়, ঘটনাটি অধিবেশন চলাকালে উপস্থিত সংসদ সদস্যদের মধ্যেও তাৎক্ষণিক উদ্বেগ তৈরি করে। পরে প্রধানমন্ত্রীর উপস্থিতি পরিস্থিতিতে স্বস্তি আনে। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপও সেখানে উপস্থিত ছিলেন।

সংসদের চলমান অধিবেশনের মধ্যে বিরোধী দলীয় একজন সদস্যের অসুস্থতার খোঁজ নিতে প্রধানমন্ত্রীর সরাসরি এগিয়ে যাওয়াকে অনেকেই মানবিক ও সৌজন্যমূলক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। রাজনৈতিক ভিন্নতা থাকলেও সংসদে পারস্পরিক সহমর্মিতার এই চিত্র আলোচনায় এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে