লক্ষ্ণীপুরে নিখোঁজের ৩ দিন পর জেলের মরদেহ উদ্ধার

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৬, ০৫:১৮ পিএম
লক্ষ্ণীপুরে নিখোঁজের ৩ দিন পর জেলের মরদেহ উদ্ধার

লক্ষ্ণীপুরের কমলনগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. শিপন (২২) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার লরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল মিয়ার ছেলে। বুধবার দুপুরে উপজেলার নাসিরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল সকালে শিপন বাগদা চিংড়ির পোনা সংগ্রহের জন্য মেঘনা নদীতে মইজাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ তার পায়ে জালের রশি পেঁচিয়ে যায়। পরে নদীর তীব্র স্রোতে তিনি তলিয়ে যান। ঘটনার পর স্থানীয় জেলেরা, স্বজন ও ডুবুরি দল নদীতে অনেক খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তিন দিন পর বুধবার তার মরদেহ নদীতে ভেসে ওঠে। নিহত শিপন জীবিকার তাগিদে নিয়মিত নদী থেকে বাগদা চিংড়ির পোনা সংগ্রহ করে বিক্রি করতেন। মাত্র ১৫ দিন আগে তিনি বিয়ে করেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের ভাষ্য, নতুন সংসার শুরু করেই এমন মর্মান্তিক মৃত্যু এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, “নিখোঁজ হওয়ার তিন দিন পর শিপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে