নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে হবে: মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৬, ০৭:১৭ পিএম
নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে হবে: মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, সিন্ডিকেটমুক্ত বাজার এবং চাঁদাবাজমুক্ত দেশ গঠন সময়ের অনিবার্য দাবি। চাঁদাবাজকে চিরতে না বলুন এবং সর্বত্র জবাবদিহি নিশ্চিত করুন। তাহলেই দেশ অল্প সময়ের মধ্যে এগিয়ে যাবে। আমাদের দেশকে দুর্নীতি ও চাঁদাবাজি অনেক পিছিয়ে দিয়েছে। দখলদারিত্ব, রাজনৈতিক প্রতিহিংসা ও আধিপত্যবাদের বিরুদ্ধে একসাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের হাজারীবাগ থানা শাখার তৃণমূল দায়িত্বশীল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার রাতে হাজারীবাগের একটি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাজারীবাগ থানা সভাপতি হাজী মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং সেক্রেটারী মুহাম্মদ আবু হানিফের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার ও সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী আবদুল আহাদ। আলোচনায় অংশ নেন থানা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মাওলানা আহমদ আবদুল কাইয়ূম আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি জনগণ ও সংসদকে অবহিত না করে গোপনে করা হয়েছে, যা সাংবিধানিক প্রক্রিয়ার সরাসরি লঙ্ঘন বলে আমরা মনে করি। এই চুক্তি দেশের স্বাধীন বাণিজ্যনীতি, কর-সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় ক্রয়নীতিকে মার্কিন করপোরেট স্বার্থের কাছে বিকিয়ে দেওয়ার শামিল। এ ধরনের চুক্তির ফলে দেশীয় শিল্প ও কৃষি খাত ধ্বংস হবে। ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে এবং রাষ্ট্রের বিনিয়োগ সিদ্ধান্তে বিদেশি কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। ১লা মে শ্রমিক সমাবেশ সফলের আহ্বান : ১লা মে, শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিশাল শ্রমিক সমাবেশ সফলের আহ্বান জানানো হয়। এতে প্রধান অতিথি থাকবেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

আপনার জেলার সংবাদ পড়তে