যুক্তরাষ্ট্র থেকে লিমনের মরদেহ ঢাকায় আসবে সোমবার

এফএনএস অনলাইন | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৬, ১১:৩২ এএম
যুক্তরাষ্ট্র থেকে লিমনের মরদেহ ঢাকায় আসবে সোমবার

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ সোমবার (৪ মে) সকালে ঢাকায় পৌঁছাবে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নির্ধারিত ফ্লাইটে করে সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহ দেশে আনা হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট শুক্রবার (২ মে) রাত ৮টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো থেকে মরদেহ নিয়ে রওনা দেবে। পথে দুবাইয়ে ট্রানজিট শেষে ঢাকায় পৌঁছাবে।

এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ২টায় টাম্পা বে এলাকার ইসলামিক সোসাইটিতে লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়। দূতাবাসের সমন্বয়ে মরদেহ পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।

জামিল লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন। গত বুধবার (১৬ এপ্রিল) থেকে নিখোঁজ থাকার পর শুক্রবার (২৪ এপ্রিল) তার মরদেহ উদ্ধার করে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস। এ ঘটনায় তার রুমমেট ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে।

একই ঘটনায় নিখোঁজ আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির সন্ধান এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনাটি নৃশংস হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।

সহপাঠীদের তথ্য অনুযায়ী, লিমন ২০২৪ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। তিনি জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড পলিসি বিষয়ে পড়াশোনা করছিলেন। নাহিদা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণারত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে