২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৬, ১২:১২ পিএম
২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কুইচি’। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জাহাজটি ভেড়ে, আর দুপুর থেকেই তেল খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

চলতি এপ্রিল মাসে এটি অকটেনের তৃতীয় চালান। এর আগে ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ বন্দরে আসে। সব মিলিয়ে এক মাসে দেশে এসেছে ৭৯ হাজার টন অকটেন, যা জ্বালানি মজুদে নতুন স্বস্তি যোগ করেছে।

জ্বালানির দৈনিক চাহিদা প্রায় ১২০০ টন হিসেবে এই আমদানি দিয়ে দুই মাসেরও বেশি সময় দেশের চাহিদা মেটানো সম্ভব বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফলে সাম্প্রতিক সরবরাহ পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।

প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, “বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে আরও পাঁচটি জাহাজ অপেক্ষমাণ আছে। বুধবার তিনটি জাহাজ বার্থিং পেয়ে তেল খালাস শুরু করেছে।” তিনি আরও বলেন, “ডলফিন জেটি মাত্র তিনটি হওয়ায় সব জাহাজকে একসঙ্গে বার্থিং দেওয়া সম্ভব হচ্ছে না। এর সঙ্গে খারাপ আবহাওয়ার কারণে খালাস কার্যক্রম কিছুটা ধীরগতিতে চলছে।”

বন্দর সংশ্লিষ্টদের মতে, একাধিক জাহাজ একসঙ্গে এসে পৌঁছানোয় চাপ তৈরি হলেও পর্যায়ক্রমে খালাস কার্যক্রম চলবে। তবে আবহাওয়ার উন্নতি হলে সরবরাহ প্রক্রিয়া আরও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে