গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের পরবর্তী ধাপ নির্ধারণে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
জোটের শীর্ষ নেতারা বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে। বৈঠকে বর্তমান আন্দোলনের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে নতুন কর্মসূচি চূড়ান্ত করা হবে। বৈঠক শেষে একই স্থানে দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবিধান সংস্কারের দাবিতে ‘গণভোট অনুমোদিত জুলাই আদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে জোটটি ইতোমধ্যে দুই সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে ১৮ এপ্রিল রাজধানীতে এবং ২৫ এপ্রিল অন্যান্য মহানগরে গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য।
এছাড়া ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২ মে দেশের সব জেলা শহরে গণমিছিল করার কথা রয়েছে। একই সময়ে ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ এবং বিভিন্ন মহানগর ও গুরুত্বপূর্ণ জেলায় সেমিনারের আয়োজনও করা হচ্ছে।
দলীয় সূত্র বলছে, চলমান কর্মসূচির ধারাবাহিকতায় আন্দোলনকে আরও জোরদার করতে কী নতুন পদক্ষেপ নেওয়া হবে, সেটিই আজকের বৈঠকের মূল আলোচ্য বিষয়। জোট নেতারা মনে করছেন, নতুন কর্মসূচি আন্দোলনের গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।