মে মাসেই নিয়ন্ত্রণে আসবে হাম, এক সপ্তাহে শতভাগ টিকাদানের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ৩০ এপ্রিল, ২০২৬, ১২:২১ পিএম | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৬, ১২:২১ পিএম
মে মাসেই নিয়ন্ত্রণে আসবে হাম, এক সপ্তাহে শতভাগ টিকাদানের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি

দেশে চলমান হাম পরিস্থিতি মে মাসের মধ্যেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশাবাদ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলী ও আগারগাঁওয়ের স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জোর দিয়ে বলেন, হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকারের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে এবং আসন্ন বাজেটে এ সক্ষমতা আরও বাড়ানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ইতোমধ্যে সারাদেশে হামের টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই ২০ এপ্রিল থেকে টিকা প্রদান শুরু করা হয়। তিনি বলেন, “আমরা যখন হামের টিকা হাতে পেয়েছি, নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করিনি। দ্রুত কাজ শুরু করেছি।” বর্তমানে লক্ষ্যমাত্রার ৬১ শতাংশ শিশু টিকার আওতায় এসেছে বলেও জানান তিনি।

হামের বিস্তার নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে মন্ত্রী বলেন, গত ছয় বছরে শিশুদের নিয়মিত ভ্যাকসিনেশন না হওয়ায় পরিস্থিতি জটিল হয়েছিল। তবে আন্তর্জাতিক সহায়তা ও সরকারের উদ্যোগে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে। তিনি বলেন, “আগামী এক সপ্তাহে শতভাগ শিশু হামের টিকার আওতায় চলে আসবে। অনেক জায়গায় ইতোমধ্যে শতভাগ সম্পন্ন হয়েছে।”

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সতর্ক অবস্থানে রয়েছে সরকার। রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের বাইরে অস্থায়ী ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “রোগীর চাপ সামলাতে আমরা তাঁবুরও ব্যবস্থা করছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিরোধ।” এজন্য সিটি করপোরেশনগুলোকে মশক নিধন কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যখাতের সামগ্রিক সক্ষমতা নিয়ে তিনি বলেন, “ভ্যাকসিন বা মানবসম্পদ কোনো কিছুরই সংকট নেই। আমরা ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করছি।” একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, মে মাসের মধ্যেই হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে যাবে, এমনকি শূন্যের কাছাকাছি চলে আসতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে