ইউরোপীয় ইউনিয়ন এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক এরিক কুর্জেভেইল সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় উভয় পক্ষই বিদ্যমান সম্পর্ক আরও জোরদার ও বহুমাত্রিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।
উপদেষ্টা বাংলাদেশ-ইইউ সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করা হয় এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন।