বাগেরহাটের শরণখোলা উপজেলায় বুধবার ঝড়বৃষ্টির সময় পৃথক বজ্রপাতের ঘটনায় চারটি গরু মারা গেছে। উপজেলার উত্তর কদমতলা, ধানসাগর রাজাপুর ও উত্তর রাজাপুর গ্রামে এই ঘটনাগুলো ঘটে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ঝড়বৃষ্টির সময় উত্তর কদমতলা গ্রামের কবির হোসেন হাওলাদারের গোয়ালঘরে বজ্রপাত হয়। এতে গোয়ালে বাঁধা দুটি গরুর মধ্যে একটি মারা যায় এবং অপরটি অসুস্থ হয়ে পড়ে। একই দিন বিকেলে উত্তর রাজাপুর গ্রামের তোফাজ্জল হোসেনের একটি, ধানসাগর রাজাপুর গ্রামের ডালিম বয়াতি ও শহীদুল হাওলাদারের একটি করে গরু মাঠে বজ্রপাতে মারা যায়। গৃহকর্তা কবির হোসেন জানান, আসন্ন কোরবানির হাটে বিক্রির জন্য তিনি দুটি গরু লালনপালন করছিলেন। একটি গরু মারা যাওয়ায় তাঁর কমপক্ষে ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এদিকে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত শরণখোলা উপজেলায় ঝড়ো হাওয়ার সঙ্গে ব্যাপকভাবে বজ্রসহ বৃষ্টিপাত হয়। ঝড়ো হাওয়ায় গ্রামাঞ্চলের অনেক স্থানে গাছপালা ভেঙে পড়েছে। এছাড়া ঝড়বৃষ্টির কারণে প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর সন্ধ্যা সাতটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়।