নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এরিয়া প্রোগ্রাম (এপি)’র উদ্যোগে নিবন্ধিত ও প্রতিবন্ধী শিশুদের মাঝে নতুন বছরের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে এক আনন্দঘন পরিবেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১৫৯ জন নিবন্ধিত শিশুর হাতে উপহার তুলে দেওয়া হয়, যার মধ্যে ৫১ জন বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিশু রয়েছে। শিশুদের পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষায় উপহার হিসেবে ছিল- আকর্ষণীয় স্কুল ব্যাগ, ছাতা, বিছানার চাদর, সাবান, হ্যান্ড ওয়াশ ও টুথপেস্টসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। ধামইরহাট এপি ম্যানেজার মানুয়েল হাসদা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার। স্পন্সরশিপ অফিসার লিউনিডাস বৈদ্য এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক সরদার, সদস্য বদিউজ্জামান রেজা, বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি সহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের সুস্থ্যভাবে বেড়ে ওঠা এবং শিক্ষার প্রসারে এই সামগ্রীগুলো সহায়ক ভূমিকা পালন করবে। উপহার হাতে পেয়ে শিশুরা মেতে ওঠে উৎসবে। বিশেষ করে প্রতিবন্ধী শিশুরা সমাজের মূলধারার সাথে মিশতে পেরে এবং বাড়ি থেকে বের হয়ে অনুষ্ঠানে অংশ নিতে পেরে অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেছে।