চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন হেনরিক ক্লাসেন। তার এমন ফর্ম দক্ষিণ আফ্রিকা চাইলে কাজে লাগাতে পারে বলে মনে করেন কেভিন পিটারসেন। অবসর ভেঙে এই উইকেটকিপার ব্যাটারকে আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ফেরানোর পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক এই ব্যাটার। ২০২৪ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। দলকে ফাইনালে তুলতে বড় অবদান রেখেছিলেন ক্লাসেন। ফাইনালে হাফ সেঞ্চুরি করলেও দলকে বিশ্বকাপ জেতাতে পারেননি তিনি। এরপর হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। জাতীয় দলের জার্সিতে না খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত ক্লাসেন। দ্য হান্ড্রেড, মেজর লিগ ক্রিকেট (এমএলসি), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি ও আইপিএলে খেলছেন তিনি। বর্তমানে আইপিএলে হায়দরাবাদের হয়ে ব্যস্ত সময় পার করছেন ক্লাসেন। চলতি আসরে ৯ ম্যাচে ৫৯.১৪ গড় ও ১৫৭.৪১ স্ট্রাইক রেটে ৪১৪ রান করেছেন তিনি। তার এমন ফর্ম দেখেই ‘এক্স’ একাউন্টে পিটারসেন লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকা কখনোই ক্রিকেট বিশ্বকাপ জেতেনি। আজ সকালে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে হেনরিখ ক্লাসেনকে ফোন করা উচিত।’ তিনি আরও বলেন, ‘তাকে জিজ্ঞেস করা উচিত হবে সে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরতে পারবে কি না এবং আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য তাদের প্রথম বিশ্বকাপ অভিযানে একজন কেন্দ্রীয় চরিত্র হতে পারবেন কি না।’