কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রেপ্তার

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১ মে, ২০২৬, ০২:৫৫ পিএম
কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রেপ্তার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরের কথিত পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলার আসামি রাজীব মিস্ত্রিকে (৩২) রাজশাহীর গোদাগাড়ী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (১ মে) সকালে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে গোদাগাড়ী উপজেলা সদরের থানা রোড এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানী ও কুষ্টিয়ার র‌্যাব-১২ এর সিপিসি-১ এর একটি যৌথ দল। গ্রেপ্তার রাজীব এ মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর। বাবার নাম গাজী মিস্ত্রি।র‌্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারের পর আসামিকে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ তাকে তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করবে। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পীর’ শামীম জাহাঙ্গীর ঢাকা থেকে মাস্টার্স সম্পন্ন করে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। পরে এলাকায় ফিরে এসে একটি আস্তানা গড়ে তোলেন এবং ধীরে ধীরে বিতর্কিত ধর্মীয় কার্যক্রম শুরু করেন। গত ৫-৬ বছর ধরে শামীম জাহাঙ্গীর ইসলামের নামে নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এর আগেও গান-বাজনা করে মরদেহ দাফন করাসহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তিনি সমালোচনার জন্ম দিয়েছিলেন। গত ১০ এপ্রিল পবিত্র কোরআন অবমাননাকর একটি আপত্তিকর মন্তব্যযুক্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর সূত্র ধরে পরদিন দুপুরে প্রায় ২০০ ব্যক্তি দক্ষিণ ফিলিপনগরে অবস্থিত শামীমের আস্তানায় হামলা চালায়। এতে শামীম নিহত হন। সেদিন ওই আস্তানা পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় শামীমের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ছায়াতদন্তের মাধ্যমে আসামিদের গ্রেপ্তারে র‌্যাব কাজ করছে। এরই ধারাবাহিকতায় রাজীব মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে