রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ২২০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি’র গোয়েন্দা দল জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ থেকে এক বা একাধিক মাদক ব্যবসায়ী নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে মোটরসাইকেলযোগে রাজশাহীর দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানা এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র্যাবের আভিযানিক দল।
চেকপোস্ট পরিচালনাকালে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে সে হেরোইন পরিবহনের বিষয়টি স্বীকার করে।
গ্রেপ্তার হাবিবুল্লাহ গোদাগাড়ী এলাকার বাসিন্দা। তার দেওয়া তথ্যমতে মোটরসাইকেলের ভেতরে বিশেষ কায়দায় লুকানো একটি টিস্যু ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগের ভেতরে থাকা তিনটি পলিব্যাগ থেকে মোট ২২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যা উপস্থিত স্বাক্ষীদের সামনে জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার হাবিবুল্লাহ এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।