কিশোরগঞ্জের কটিয়াদীতে ধান বুঝাই নৌকা ডুবে আরিফুল ইসলাম (২৮) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার চান্দপুর ইউনিয়নের রৌয়া বিলে এ ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সন্ন্যাসীচর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। ধান কাটা শমিক হিসাবে তিনি কটিয়াদীতে আসেন। জানা যায়, উপজেলার চান্দপুর ইউনিয়নের রৌয়া বিল থেকে ধান কেটে নৌকা বোঝাই করে বিল পার হওয়ার সময় নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা মাঝিসহ দুইজন শ্রমিক সাঁতরে পাড়ে উঠতে পারলেও আরিফুল ইসলাম নিখোঁজ হন। সংবাদ পেয়ে স্থানীয় লোকজন খোঁজাখুজি শুরু করেন। পরে ভৈরব থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মরদেহটি উদ্ধার করে। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, শনিবার সকালে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।