সুরমা নদী ঘিরে মেগা প্রকল্প

সিলেটে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২ মে, ২০২৬, ০৫:২৯ পিএম
সিলেটে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সিলেটে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান এবং নগর উন্নয়নে সরকারের গৃহীত বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে সুরমা নদীকে ঘিরে একটি মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সিলেট দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা ও মৌসুমি বন্যার সমস্যায় ভুগছে। নগরবাসীর এই দুর্ভোগ লাঘবে সরকার একটি সমন্বিত ও টেকসই পরিকল্পনা হাতে নিয়েছে। তিনি উল্লেখ করেন, সুরমা নদীর তীরে যে উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, তা বাস্তবায়িত হলে শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে এবং জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে যাবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই প্রকল্প বাস্তবায়িত হলে সিলেটবাসীকে আর জলজটের দুর্ভোগ পোহাতে হবে না।”

সমাবেশে প্রধানমন্ত্রী সিলেটের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, শুধু নদী ব্যবস্থাপনা নয়, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নেও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে চলছে এবং এটি সম্পন্ন হলে যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা যাত্রী ও পণ্য পরিবহনে নতুন গতি আনবে।

তিনি আরও বলেন, সিলেটের কৃষি খাতকে টেকসই করতে খাল খনন কর্মসূচি জোরদার করা হবে। এতে করে পানি প্রবাহ স্বাভাবিক থাকবে এবং কৃষিজমি জলাবদ্ধতার ক্ষতি থেকে রক্ষা পাবে। পরিবেশ সংরক্ষণেও সরকার সমানভাবে সচেতন বলে তিনি উল্লেখ করেন। স্বাস্থ্যসেবা খাত নিয়েও প্রধানমন্ত্রী আশ্বাস দেন। তিনি বলেন, সিলেট অঞ্চলের হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ করা হবে, যাতে সাধারণ মানুষ উন্নত চিকিৎসা সেবা পেতে পারে।

এর আগে সকালে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশ নেন। পরে তিনি সুরমা নদীর তীরে বন্যা প্রতিরোধ, নদী তীর সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুধীজন এবং বিপুলসংখ্যক নগরবাসী উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, ঘোষিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত হলে সিলেট একটি আধুনিক, বাসযোগ্য ও জলাবদ্ধতামুক্ত নগরীতে পরিণত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে