সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন

শিশু-কিশোরদের দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২ মে, ২০২৬, ০৬:২৩ পিএম
শিশু-কিশোরদের দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শিশুদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে দেশের নেতৃত্ব তোমাদের হাতেই যাবে। তোমরাই একদিন মন্ত্রী, সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। তবে সে জন্য এখন থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও অংশগ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, প্রত্যেককে বাংলাদেশের একজন যোগ্য অ্যাম্বাসেডর হিসেবে গড়ে উঠতে হবে।

শনিবার (২ মে) বিকাল ৪টার দিকে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোরদের উদ্দেশ্যে  এসব কথা বলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একসময় পরাধীন ছিল এবং পূর্বপুরুষদের সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। পরবর্তী বিভিন্ন ঘটনার ধারাবাহিকতায় ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশ নতুনভাবে স্বাধীনতার স্বাদ পেয়েছে।

তিনি শিশু-কিশোরদের উদ্দেশ্যে বলেন, জীবনে সফল হতে হলে লক্ষ্য স্থির করে সেই লক্ষ্য অর্জনের জন্য পরিশ্রম করতে হবে। সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে। “নতুন কুঁড়ি স্পোর্টস”আয়োজনের উদ্দেশ্য হচ্ছে, শিশু-কিশোরদের মধ্য থেকে ভবিষ্যতের প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি করা। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, যে যা হতে চাও-সেই লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। ভবিষ্যতে দেশের বিচারক, ব্যারিস্টার, প্রকৌশলী, আইনজীবী, অধ্যাপক, মন্ত্রী, সংসদ সদস্য, এমনকি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও তোমাদের মধ্য থেকেই উঠে আসবে। কেউ যদি সংগীতশিল্পী হতে চায়, তাকে নিষ্ঠার সঙ্গে চর্চা করে বড় শিল্পী হতে হবে; কেউ সংগীতজ্ঞ হতে চাইলে তাকেও সেই পথেই এগোতে হবে। এই দেশ তোমাদের-দেশ গড়ার দায়িত্বও তোমাদেরই নিতে হবে। অনুষ্ঠানে তিনি উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশ্যে জানতে চান, কে কে দেশের দায়িত্ব নিতে পারবে না। এমন প্রশ্নে কেউ হাত তোলে না। পরে যখন তিনি জানতে চান, কে কে দেশের দায়িত্ব নিতে চায়, তখন সবাই হাত তোলে। এতে তিনি সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। অনুষ্ঠানের শুরুতে তিনি সমবেত শিশু-কিশোরদেরই “আজকের প্রধান অতিথি”হিসেবে সম্বোধন করলে তাদের মধ্যে আনন্দের সাড়া পড়ে। সবশেষে প্রধানমন্ত্রী “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”-এর লোগো ও ট্রফি উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান, বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শাম্মি আখতারসহ সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার জেলার সংবাদ পড়তে