নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের (নিষিদ্ধ ঘোষিত) সাধারণ সম্পাদক মোঃ জারজিদকে আটক করেছে কালিয়া থানা পুলিশ। শনিবার (২ মে) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতা, মাদক, অর্থ আত্মসাৎ ও প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে বলে ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আনুমান ১টা ৩৫ মিনিটে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার খড়রিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চেয়ারম্যান জারজিদ এর বিরুদ্ধে নাশকতা, মাদক, অর্থ আত্মসাৎ ও প্রতারণাসহ একাধিক মামলা চলমান রয়েছে। তিনি আরো জানান, এ ধরনের অপরাধীদের গ্রেফতারে এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত চেয়ারম্যান জারজিদকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানিয়েছেন।