চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করে “নতুন কুঁড়ি স্পোর্টস”-এর ২০২৬ মৌসুমের জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জার্সির উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য আসলাম চৌধুরী এফসিএ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন। এছাড়া নতুন কুঁড়ি স্পোর্টসের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় ক্রীড়াবিদরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের সুস্থ ও সৃজনশীল পথে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি স্থানীয় পর্যায়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, খেলাধুলা একজন তরুণকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে তোলে। এর মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত চেতনা গড়ে ওঠে, যা একটি সুস্থ সমাজ বিনির্মাণে সহায়ক। অনুষ্ঠানে নতুন জার্সির নকশা ও রঙের তাৎপর্য তুলে ধরে আয়োজকরা জানান, আধুনিক ও আকর্ষণীয় এই জার্সি দলটির নতুন লক্ষ্য, ঐক্য ও অগ্রযাত্রার প্রতীক। তারা ভবিষ্যতে বিভিন্ন জেলা ও বিভাগীয় পর্যায়ের টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে সীতাকুণ্ডের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষপর্বে নতুন জার্সি পরিহিত খেলোয়াড়দের অংশগ্রহণে একটি সংক্ষিপ্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, এ ধরনের উদ্যোগ সীতাকুণ্ডে ক্রীড়াচর্চা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তরুণ সমাজকে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে সহায়ক হবে।