রাজশাহী নগরীতে জলাবদ্ধতা রোধে চলছে ড্রেন পরিষ্কার ও সংস্কার কার্যক্রম

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৩ মে, ২০২৬, ০২:৩৬ পিএম
রাজশাহী নগরীতে জলাবদ্ধতা রোধে চলছে ড্রেন পরিষ্কার ও সংস্কার কার্যক্রম
বর্ষা মৌসুমে যেন রাজশাহী মহানগরীতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়। সেলক্ষে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। রাসিক প্রশাসকের নির্দেশনায় নগরজুড়ে ড্রেন পরিষ্কার ও সংস্কার কার্যক্রম জোরদার করা হয়েছে। রাজশাহী সিটি কপোরেশনের পরিচ্ছন্ন বিভাগ জানায়, নগরীর প্রাইমারি ও সেকেন্ডারি ড্রেন থেকে এক্সাভেটরের মাধ্যমে কাদামাটি অপসারণে বিশেষ অভিযান চলছে। পাশা পাশি শ্রমিকদের মাধ্যমে ছোট ড্রেনগুলো থেকেও নিয়মিতভাবে ময়লা-আবর্জনা ও পলি অপসারণ করা হচ্ছে। জলাবদ্ধতা কমাতে মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছেন প্রশাসক নিজেও। তিনি দিন-রাত সরেজমিনে বিভিন্ন এলাকা পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত তিনি নগরীর বর্ণালী মোড় ঢালান, ভেড়িপাড়া, আদর্শ পয়েন্টসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বর্ণালী, ১৬ নম্বর ওয়ার্ডের মথুরডাঙ্গা এবং ৬ নম্বর ওয়ার্ডের আপেল ডেকোরেটর মোড়সহ বিভিন্ন এলাকায় ড্রেন পরিষ্কার কার্যক্রম তদারকি করেন। এ সময় ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে দ্রুত কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে সরকার নির্দেশনা দিয়েছে এবং সেই অনুযায়ী রাসিক কাজ করছে। তিনি জানান, বর্ষার আগে ড্রেনেজ ব্যবস্থা কার্যকর রাখতে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। যেসব এলাকায় দিনে কাজ করলে জনদুর্ভোগ বাড়তে পারে, সেখানে রাতে কাজ পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, অনেক ভবন মালিক ড্রেনের ওপর স্থায়ী ঢালাই করে ড্রেনের পকেট বন্ধ করে দিচ্ছেন, যা পরিষ্কার কার্যক্রমে বড় বাধা সৃষ্টি করছে। এ ধরনের কাজ থেকে বিরত থাকতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি। পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে