নওগাঁয় মাঠে গড়ালো ‘নতুন কুড়ি স্পোর্টস’

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) : | প্রকাশ: ৩ মে, ২০২৬, ০৩:৫১ পিএম
নওগাঁয় মাঠে গড়ালো ‘নতুন কুড়ি স্পোর্টস’

‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা’ এই স্লোগানে নওগাঁয় ‘নতুন কুড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ খেলার উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টি.এম.এ. মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন ও মাসুদুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক, আবুল কালাম আজাদসহ অন্যরা।

উদ্বোধনী খেলায় নওগাঁ সদর ও নিয়ামতপুর উপজেলার বালক-বালিকা দল অংশ নেয়। খেলায় নওগাঁ সদর উপজেলা বালক দল নিয়ামতপুর উপজেলা বালক দলকে ৩-১ গোলে হারিয়ে জয় পায়। অন্যদিকে নওগাঁ সদর উপজেলা বালিকা দল নিয়ামতপুর উপজেলা বালিকা দলকে ২-১ গোলে হারিয়ে জয় পায়।

আয়োজকরা জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই শিশু-কিশোররা মোট আটটি ইভেন্টে এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করছে। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে, ফুটবল, ক্রিকেট, কাবাডি, এ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও সাঁতার। আটটি ইভেন্টে জেলায় বালকদের ১২টি ও বালিকাদের ১২টি দল অংশ নিচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে