সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নিখোঁজ এক পশু চিকিৎসকের পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ ওই চিকিৎসকের নাম অনিমেষ পরামান্য। তিনি উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত নিতাই পরামান্যের ছেলে। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত ৩০ এপ্রিল সকালে গবাদিপশুর চিকিৎসা দিতে বাড়ি থেকে বের হন ডাঃ অনিমেষ। সাধারণত দিনের কাজ শেষে বিকেলে বা সন্ধ্যায় তিনি বাড়ি ফেরেন। তবে ওই দিন রাত হয়ে গেলেও তিনি ফিরে না আসায় স্বজনরা দুশ্চিন্তায় পড়েন। পরিচিত বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
অনিমেষের পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার রাতে তাঁর ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোন থেকেই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করেন। ফোনে তাঁর স্ত্রীর কাছে অনিমেষকে জীবিত ফেরত দেওয়ার বিনিময়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে বড় ধরনের ক্ষতির হুমকি দেওয়া হয়েছে বলেও পরিবারের অভিযোগ। মুক্তিপণ দাবির পর থেকে পরিবারটি চরম আতঙ্ক ও দিশেহারা অবস্থায় রয়েছে। অনিমেষের এক আত্মীয় বলেন, "আমরা খুবই আতঙ্কে আছি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটির এমন সংবাদে সবাই ভেঙে পড়েছেন।" দ্রুত সময়ের মধ্যে তাঁকে সুস্থ অবস্থায় উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। এদিকে গ্রামের একজন জনপ্রিয় চিকিৎসকের এমন নিখোঁজ হওয়ার ঘটনায় বৈশখালী গ্রামসহ আশপাশের এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তৎপরতা চলছে।