সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের টকশোতে যাকাত নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য দেওয়ায় নারী আসনে সরকার দলীয় মনোনীত এমপি নিলুফার চৌধুরী মনিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, যাকাত ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম স্তম্ভ। কাজেই শরীয়তের বিধি-বিধান নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা চরম অপরাধ। এধরনের বক্তব্য অবশ্যই নিন্দনীয়। রোববার বিকেলে পুরানা পল্টনস্থ দলের কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে থানা ও মহানগর দায়িত্বশীলদের যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত যৌথসভায় উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, অধ্যাপক ফজলুল হক মৃধা, শেখ আবু তাহের, প্রকৌশলী গোলাম মোস্তফাসহ থানা নেতৃবৃন্দ প্রমুখ। ইসলামী আন্দোলনের মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, যাকাত ইসলামের একটি ফরজ ইবাদত, যা সমাজে ন্যায়বিচার ও অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠায় অনন্য ভুমিকা রাখে। অপরদিকে, চাঁদাবাজি সম্পূর্ণরূপে হারাম ও জুলুমের অন্তর্ভুক্ত। যা দেশে চরম বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টি করে। এ ধরনের জঘন্য অপরাধের সাথে যাকাতের তুলনা ইসলামের বিরুদ্ধে জঘন্য ধৃষ্টতার শামিল। এ ধরণের মন্তব্যে দেশের কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানা হয়েছে। এ জন্য অবশ্যই মহিলা এমপি মনিকে জাতির কাছে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করতে হবে।