ঢাকার দীর্ঘস্থায়ী বায়ুদূষণ ও অসহনীয় যানজট নগরবাসীর দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলছে। এই প্রেক্ষাপটে রাজধানীতে ইলেকট্রিক বাস চালুর সাম্প্রতিক উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ। ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ গড়ার লক্ষ্যে আধুনিক গণপরিবহন ব্যবস্থা প্রবর্তনের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হলে নগর ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ডিজেলচালিত যানবাহন ঢাকার বায়ুদূষণের অন্যতম প্রধান উৎস। সেই জায়গায় ইলেকট্রিক বাস চালু করা হলে দূষণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব, পাশাপাশি জ্বালানি দক্ষতাও বাড়বে। পুরনো ও মেয়াদোত্তীর্ণ বাস অপসারণ করে পরিবেশবান্ধব যানবাহন প্রতিস্থাপন করার এ উদ্যোগকে তাই একটি কাঙ্ক্ষিত পরিবর্তনের সূচনা হিসেবে দেখা যেতে পারে। আন্তর্জাতিক অভিজ্ঞতাও দেখায়, উন্নত দেশগুলো ধীরে ধীরে বৈদ্যুতিক যানবাহনের দিকে অগ্রসর হচ্ছে। তবে সম্ভাবনার পাশাপাশি বাস্তবায়নের ক্ষেত্রে রয়েছে বহুমাত্রিক চ্যালেঞ্জ। ইলেকট্রিক বাস পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত ব্যবস্থাপনা ডিজেলচালিত ব্যবস্থার তুলনায় সম্পূর্ণ ভিন্ন। এজন্য প্রয়োজন উপযুক্ত অবকাঠামো, দক্ষ মানবসম্পদ এবং আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা। চার্জিং স্টেশন, ওয়ার্কশপ, স্পেয়ার পার্টস সরবরাহ-সবকিছুই নতুনভাবে পরিকল্পনা করতে হবে। একই সঙ্গে যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল, পুনর্ব্যবহার ও স্ক্র্যাপ নীতিমালাও স্পষ্ট করা জরুরি। এছাড়া অতীত অভিজ্ঞতা ইঙ্গিত দেয়, পরিবহন খাতের প্রভাবশালী স্বার্থগোষ্ঠীর বাধা এ ধরনের উদ্যোগের বড় অন্তরায় হতে পারে। রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ী ও প্রচলিত বাস মালিকদের একটি অংশ নতুন ব্যবস্থার বিরোধিতা করতে পারে, যা নীতিনির্ধারণ ও বাস্তবায়ন প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে। ফলে শুধু পরিকল্পনা গ্রহণ নয়, বরং তা কার্যকর করতে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা ও কঠোর অবস্থান অপরিহার্য। নীতিগত দিক থেকেও সুস্পষ্টতা প্রয়োজন। পরিবেশবান্ধব যানবাহনের জন্য প্রণোদনা, বেসরকারি খাতের অংশগ্রহণ, এবং ধাপে ধাপে সমগ্র পরিবহন ব্যবস্থাকে বৈদ্যুতিকরণের আওতায় আনার একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রণয়ন জরুরি। পাশাপাশি ডেডিকেটেড লেন চালুর মতো পদক্ষেপ বাস্তবায়িত হলে গণপরিবহনের গতি ও নির্ভরযোগ্যতা বাড়বে। ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ কেবল একটি প্রযুক্তিগত পরিবর্তন নয়; এটি নগর ব্যবস্থাপনায় একটি কাঠামোগত সংস্কারের অংশ। সঠিক পরিকল্পনা, দক্ষ বাস্তবায়ন এবং রাজনৈতিক দৃঢ়তা থাকলে এ উদ্যোগ ঢাকার পরিবহন খাতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। অন্যথায়, এটি আরেকটি অসম্পূর্ণ সম্ভাবনা হিসেবেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।