চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বরেন্দ্র উন্নয়ন সেচ প্রকল্পের চুরিকৃত তামার তার উদ্ধার করছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ২জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নিমতলা কাঁঠাল গ্রামের মাইনুল ইসলামের ছেলে এমারুল ইসলাম (২৩) ও মোঃ রেণু আলী ছেলে জাহিদুল ইসলাম (২৪)। আটকের পর মঙ্গলবার সকালে ১৯ কেজি তামার তার উদ্ধার করা হয়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, চলতি বছরের ১৩ ফেব্র“য়ারি সন্ধ্যার পর গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ী গ্রামস্থ পল্টন মটরঘর হতে বরেন্দ্র উন্নয়ন সেচ প্রকল্পের তামার তার চুরি হয়ে যায়। পরে নাহিদ আলী নামে জনৈক ব্যক্তি গোমস্তাপুর থানায় এজাহার দাখিল করেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় নিমতলা গ্রামের এমারুল ইসলাম (২৩) ও জাহিদুল ইসলাম (২৪) কে আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে জাহিদুল ইসলামের বাড়ি থেকে সকালে ১৯ কেজি তামার তার উদ্ধার করা হয়। এদিকে আটককৃত ২ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।