গরুর হাটে চাঁদাবাজি হবে না, কড়া বার্তা প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৬ মে, ২০২৬, ১২:৩৪ পিএম
গরুর হাটে চাঁদাবাজি হবে না, কড়া বার্তা প্রতিমন্ত্রীর

আসন্ন ঈদুল আজহা ঘিরে কোরবানির পশুর হাটে চাঁদাবাজি ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, পশু আনা-নেওয়ার পথে কোনো ধরনের চাঁদাবাজি হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ আশ্বাস দেন। প্রতিমন্ত্রী বলেন, “সরকারের পক্ষ থেকে নিশ্চয়তা দিতে পারি, কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না। আর যদি ঘটে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে তা দমন করবে।”

প্রতিমন্ত্রী জানান, প্রতি বছর গাবতলী হাটকে কেন্দ্র করে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এতে ঢাকার ভেতর ও বাইরে যাতায়াতকারী মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। এ পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে নতুন একটি সার্ভিস সড়ক নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, “এই রাস্তার কাজ শেষ হলে গাবতলী-আমিনবাজার এলাকায় যানজট অনেকটাই কমে আসবে বলে আমরা আশা করছি।”

হাট ব্যবস্থাপনা নিয়েও কড়াকড়ির কথা জানানো হয়েছে। নির্ধারিত সীমানার বাইরে পশুর হাট বসানো যাবে না বলে সতর্ক করেছেন প্রতিমন্ত্রী। “অননুমোদিত স্থানে কেউ হাট বসাতে পারবে না। হাটের সীমানার বাইরে গিয়েও পশু রাখা যাবে না,” বলেন তিনি। এ বিষয়ে দুই সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করবে।

নিরাপত্তা জোরদার করতে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর পাশাপাশি প্রয়োজনে বিজিবিও মোতায়েন করা হবে বলে জানিয়েছেন মীর শাহে আলম। তিনি বলেন, “ক্রেতা-বিক্রেতারা যেন নির্বিঘ্নে পশু কেনাবেচা করতে পারেন, সে বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই।”

পশুর সংখ্যা নিয়েও অনিশ্চয়তার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অনেক সময় নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি পশু হাটে চলে আসে, যা ব্যবস্থাপনায় চাপ তৈরি করে। “গাবতলী হাটে ১ লাখ গরু আসার কথা থাকলেও কখনো ১ লাখ ৩ হাজার হয়ে যায়। এগুলো আগে থেকে জানা যায় না,” বলেন তিনি।

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও বাজারের সামগ্রিক চাপের মধ্যে নতুন করে হাটে চাঁদাবাজি ঠেকাতে সরকারের এই অবস্থান সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভোক্তারা বলছেন, কঠোর নজরদারি থাকলে ঈদে পশু কেনাবেচা আরও স্বস্তিদায়ক হবে।

আপনার জেলার সংবাদ পড়তে