দীর্ঘদিন পর একই ছাদের নিচে নাগা-সামান্থা

এফএনএস বিনোদন | প্রকাশ: ৬ মে, ২০২৬, ০৭:১২ পিএম
দীর্ঘদিন পর একই ছাদের নিচে নাগা-সামান্থা

২০২১ সালে যখন দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্যের বিচ্ছেদের খবর সামনে আসে, তখন ভক্ত-অনুরাগীরা বেশ অবাক হয়েছিল। দীর্ঘ চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে দুই তারকা বেছে নিয়েছিলেন আলাদা পথ। এরপর গড়িয়েছে প্রায় পাঁচটি বছর। দীর্ঘ এই সময়ে কোনো অনুষ্ঠান বা পারিবারিক জমায়েতে তাদের একসঙ্গে দেখা যায়নি। তবে সম্প্রতি হায়দ্রাবাদের এক জমকালো বিয়ের অনুষ্ঠানে ফের একই ছাদের নিচে হাজির হলেন এই প্রাক্তন দম্পতি। হায়দরাবাদে প্রযোজক সুনীল নারাংয়ের মেয়ে সিমরনের বিয়ের আসরে উপস্থিত ছিলেন ভারতের বিনোদন জগতের একঝাঁক তারকা। সেখানেই আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। তবে এবার আর একে অপরের হাত ধরে নয়, বরং দুজনেই এসেছিলেন নিজ নিজ জীবনসঙ্গীকে নিয়ে। নাগা চৈতন্যের সঙ্গে ছিলেন তার স্ত্রী শোভিতা ধুলিপালা। অন্যদিকে, অভিনেত্রী সামান্থা হাজির হয়েছিলেন তার বর্তমান স্বামী ও প্রখ্যাত পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে। দীর্ঘ পাঁচ বছর পর প্রাক্তন দম্পতিকে একই স্থানে দেখে অনুষ্ঠানস্থলে গুঞ্জন শুরু হলেও তারা একে অপরের মুখোমুখি হননি। তিক্ততা এড়াতে সচেতনভাবেই একে অপরকে এড়িয়ে চলেছেন এবং আলাদাভাবে সময় কাটিয়েছেন। ব্যক্তিগত জীবনে দুই তারকাই এখন স্থিতিশীল। গত ২০২৪ সালের ডিসেম্বরে শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন নাগা চৈতন্য। এর ঠিক এক বছর পর অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বরে কোয়েম্বত্তূরের লিঙ্গ ভৈরবী মন্দিরে ঘরোয়া আয়োজনে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন সামান্থা। এর আগে ২০১৭ সালে গোয়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনে নাগার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। এক সময়কার ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত এই জুটি এখন একে অপরের কাছে শুধুই অতীত। নতুন জীবনসঙ্গীদের নিয়ে একই অনুষ্ঠানে তাদের এমন উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে, পুরোনো ক্ষত ভুলে দুজনেই এখন নিজেদের বর্তমান জীবনে বেশ স্বচ্ছন্দ ও সুখী। নেটিজেনদের মতে, জীবনের এই নতুন মোড়ে এসে তাদের এই ‘ম্যাচিউরিটি’ সত্যিই প্রশংসার দাবি রাখে।