অভয়নগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর):
| আপডেট: ৭ মে, ২০২৬, ০৫:১৩ পিএম | প্রকাশ: ৭ মে, ২০২৬, ০৫:১৩ পিএম
অভয়নগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বানিজ্য শহর নওয়াপাড়ায় আনিসুর রহমান (৬৭) নামে একজন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার গুয়াখোলা গ্রামে পীরবাড়ি মাদরাসা সংলগ্ন আনিছ ট্রেড ভ্যালি মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৭ মে) ভোর ৪ টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্যাবসা প্রতিষ্ঠান ও নৌ-বন্দরের লোড আনলোড বন্ধ করে বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শী নিহতের ব্যক্তিগত ম্যানেজার রেজাউল করিম মিষ্টি জানান, বুধবার মাগরিবের নামাজের পূর্বে আনিছ ট্রেড ভ্যালি মার্কেটের সামনে স্যারের সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় গুয়াখোলা গ্রামের শাহ্ মো. জোনায়েদের ছেলে শাহ্ মাহমুদের নের্তৃত্বে অজ্ঞাতনামা ৫/৬ যুবক স্যারকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য স্যারকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  হত্যার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নওয়াপাড়া বাজারের সকল সার সিমেন্ট খাদ্যশষ্য ও কয়লা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। লোড-আনলোডসহ স্থগিত রয়েছে নওয়াপাড়া নৌ-বন্ধরের সকল কার্যক্রম। 

নিহত আনিসুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের তুলসীডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। ব্যবসায়ীক কারণে অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে স্থায়ীভাবে বসবাস করতেন তিনি। সার সিমেন্ট ও কয়লা আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন লিমিটেড এর পরিচালক ছিলেন তিনি। অপর দিকে, বৃহস্পতিবার (৭ মে) দুপুর ২টার দিকে নওয়াপাড়া রেলওয়ে দারুস সালাম জামে মসজিদের সামনে যশোর-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিলের আয়োজন করে নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশষ্য ও কয়লা ব্যবসায়ী সমিতি। মিছিলে উপস্থিত ছিলেন সমিতির পৃষ্ঠপোষক নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, সাধারণ সম্পাদক শাহ্ জালাল হোসেন, সহ-সভাপতি ও বিএনপি নেতা মশিয়ার রহমান মশি, যুগ্ম সম্পাদক ও নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান প্রমুখ। মিছিল শেষে নূরবাগ বাসস্ট্যাণ্ড এলাকায় অনুষ্ঠিত পথসভায় ব্যবসায়ী নেতারা বলেন, সংগঠনের উপদেষ্টা আনিসুর রহমানকে যারা হত্যা করেছে তারা সকলে চিহ্নিত। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তারের দাবি জানান তারা।   অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন।’

আপনার জেলার সংবাদ পড়তে