জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর, চাঁদপুরের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর অ্যাডভোকেসি সভা বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, চাঁদপুর-এর উপপরিচালক মোঃ মোস্তফা কামাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সনাকের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের যে সমস্যাগুলো উপস্থাপন করা হয়েছে সেগুলোর অনেকটাই সত্যতা রয়েছে। আমি আশা করছি সনাকের চিহ্নিত সমস্যাগুলো পর্যায়ক্রমে চিহ্নিত সমাধান করা হবে। ইউনিয়নভিত্তিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে জনগণের ঔষধের চাহিদা অনেক বেশি। আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু চাহিদার তুলনায় ঔষধ সরবরাহ অনেক কম। তিনি আরও বলেন, এদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ হয়েছে একমাত্র মোটিভেশনের মাধ্যমে। সেই মোটিভেশনগুলোই পরিবার পরিকল্পনা অধিদপ্তর করে থাকে। পরিবার পরিকল্পনার কাজে এসিজি গ্রুপ সহযোগিতা করায় ধন্যবাদ জানানো হয়। তিনি বলেন, যে সমস্যা ও পরামর্শগুলো উত্থাপিত হয়েছে তা উপজেলার মাসিক মিটিংগুলোতে সবাইকে অবহিত করা হবে। কোন ইউনিয়নে যাতে এধরনের কোন সমস্যা না থাকে সেব্যাপারে সবাইকে সচেতন করা হবে এবং চিঠির মাধ্যমে নির্দেশনা দেওয়া হবে। সনাকের এসিজি গ্রুপ খুবই দক্ষতার সাথে তাদের কার্যক্রগুলো বাস্তবায়ন করছে। এসিজির কার্যক্রমের ফলে আমরা অনেক সমৃদ্ধ হয়েছি। এজন্যে তাঁদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি পরিবার পরিকল্পনা সেবাখাতকে আরও বেশি কার্যকর করার জন্যে সনাকের সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি এধরনের মতবিনিময় সভা করার জন্য সনাককে ধন্যবাদ জানান। স্বাগত বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি ও সদস্য কাজী শাহাদাত। তিনি বলেন, সনাক মূলত টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত হয়েছে। সনাকের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেশি শক্তিশালী করার জন্য ইয়েস ও এসিজি গ্রুপ গ্রপ গঠন করা হয়েছে। আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন বৃদ্ধিতে কাজ করছি। আমরা টেকসই উন্নয়নের জন্য সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করছি। আপনার প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও কার্যক্রমে গতিশীলতার মাধ্যমে চাঁদপুরের পরিবার পরিকল্পনা সেবা আরও বেশি ত্বরান্বিত হবে এই প্রত্যাশা করছি। সনাকের সাবেক সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া বলেন, পরিবার পরিকল্পনা সেবা নিয়ে সেবাদাতা ও গ্রহিতাদের মধ্যে একটা ব্যবধান তৈরি হচ্ছে। পরিবার পরিকল্পনা সেবা মূলত গর্ভবতী মা ও যারা বিভিন্ন পদ্ধতি গ্রহণ করবে তাদের জন্য। আমরা চাই সেবাদাতা ও গ্রহিতাদের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রেখে সেবা কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি করা। এক্ষত্রে উভয়েরই ভাষাগত পরিবর্তন থাকা দরকার বলে তিনি মনে করেন। সভাপতির বক্তব্যে সনাক চাঁদপুরের সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারী বলেন, সেবা গ্রহিতাদের প্রত্যাশা ও প্রাপ্তির জায়গা ব্যাপক। আমরা শুধুমাত্র আপনাদের সমালোচনা বা সমস্যা বের করার জন্য কাজ করছি না। আমরা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সেবাদাতা ও সেবা গ্রহিতাদের মধ্যে সেতুবন্ধন তৈরির মাধ্যমে একটা সুসম্পর্ক তৈরিতে কাজ করছি। সাধারণ জনগণ যাতে সঠিকভাবে সেবা পায় সেজন্যে সনাক এসিজি গ্রুপের মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। এই দুটি ইউনিয়নে সনাকের কার্যক্রমকে মডেল হিসেবে ধরে অন্য প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি সভায় অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানার সঞ্চালনায় উম্মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কার্যালয়, চাঁদপুরের সহকারী পরিচালক (সিসি) ডাঃ শাহরিন আফরিন, সদর উপজেলার ইউএফপিও মোঃ রবিউল ইসলাম, মৈশাদী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রিক এসিজি সমন্বয়কারী মোঃ জাকির হোসেন ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আল আমিন, রামপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ নজরুল ইসলাম, হানারচর উপ-স্বাস্থ্য কেন্দ্রিক এসিজি সমন্বয়কারী মোঃ ইমাম হোসেনসহ ইয়েস গ্রুপের সদস্য আবু হানিফ ও অর্ণব সাহা উপস্থিত ছিলেন।