আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৮ মে, ২০২৬, ০৮:০৪ এএম
আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ

সীমিত ওভারের ক্রিকেট ছেড়ে বাংলাদেশ এবার নামছে টেস্ট পরীক্ষায়। আজ শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গড়াচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। ম্যাচটি শুরু হবে সকাল দশটায়। টেস্টের আগে পরিসংখ্যানে কোন দল এগিয়ে? সামগ্রিক পরিসংখ্যান হিসেব করলে পাকিস্তান স্বাভাবিকভাবেই টেস্টে বাংলাদেশের চেয়ে শক্তিশালী। এখন পর্যন্ত দুই দল ১৫ টেস্টে মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তান জিতেছে ১২টিতেই, একটি টেস্ট ড্র হয়েছে। বাংলাদেশের জয় দুই টেস্টে। তবে বাংলাদেশের সমর্থকদের জন্য আশার খবর। জয় পাওয়া ওই দুই টেস্টই সবশেষ পরিসংখ্যান। অর্থাৎ সাম্প্রতিক ফর্মের বিচারে পাকিস্তানের থেকে এগিয়ে বাংলাদেশ। যদিও ২০২৫ সালের নভেম্বরে আয়ারল্যান্ড সিরিজের পর আর কোনো টেস্ট খেলেনি বাংলাদেশ। এর মধ্যে ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন সাদা বলের ক্রিকেট নিয়ে। টেস্ট দলে থাকা ক্রিকেটারদের কেউ কেউ খেলতে পেরেছেন বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) মাত্র একটি রাউন্ড। আন্তর্জাতিক সূচির ব্যস্ততা ও ঘরোয়া ক্রিকেটের জটিলতায় সবার জন্য পর্যাপ্ত লাল বলের ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি। তবুও প্রস্তুতি নিয়ে কোনো অজুহাত দিতে চান না শান্ত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যারা সাদা বলের ক্রিকেট খেলছিল, তারা যদি লাল বলের ম্যাচ খেলতে পারতো তাহলে আরও উপকার হতো। কিন্তু আমাদের পরিস্থিতিটাও বুঝতে হবে। সত্যি বলতে, সেই সুযোগটা আমাদের ছিল না। যারা অনেক দিন ধরে খেলছে, তারা মানসিকভাবে জানে পরের সিরিজের জন্য কীভাবে প্রস্তুত হতে হয়।’ এরপর তিনি আরও যোগ করেন, ‘ধীরে ধীরে তারা সেভাবেই নিজেদের প্রস্তুত করে। আমরা কয়েকদিন অনুশীলনের সুযোগও পেয়েছি। তাই প্রস্তুতি নিয়ে আমি কোনো অজুহাত দিতে চাই না।’ পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ বলেন, ‘আমরা এতে অভ্যস্ত। দুই দলই অনেকদিন পর খেলবে। এটাই মডার্ন ডে ক্রিকেট। দুই দলই অবশ্য আরও ম্যাচ খেলতে চায়। আশা করি ভবিষ্যতে তা হবে। মডার্ন ডে ক্রিকেট এমনই আজ এক ফরম্যাট তো কালই  আরেক ফরম্যাটে খেলতে হবে। আমাদের মানিয়ে নিতে হবে।’ ২০২৪ সালের আগস্টে পাকিস্তানের মাটিতে গিয়ে ওই দুই টেস্ট জিতে এসেছিল বাংলাদেশ। পাকিস্তানকে প্রথমবারের মতো তাদের ঘরে হোয়াইটওয়াশ করার কীর্তিও সেটি। দুটি টেস্টই হয়েছিল রাওয়ালপিন্ডিতে। প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারায় বাংলাদেশ, দ্বিতীয় টেস্টে টাইগারদের জয় ৬ উইকেটে। ওই দুই টেস্টের পর এবারই প্রথমবার লাল বলের ক্রিকেটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান।