আমাদের লক্ষ্য বাংলাদেশ-চীন সেতুবন্ধন সুদৃঢ় করা: শিক্ষামন্ত্রী

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ৮ মে, ২০২৬, ০৫:২০ পিএম
আমাদের লক্ষ্য বাংলাদেশ-চীন সেতুবন্ধন সুদৃঢ় করা: শিক্ষামন্ত্রী
ছবি, সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস) আয়োজিত ‘বাংলাদেশ-চীন রাউন্ড টেবিল অন গভর্নেন্স এক্সিপারিয়েন্স এক্সচেঞ্জ’ শীর্ষক সভায় বললেন, “শিক্ষা খাতই বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন হবে। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ ও চীনের মধ্যে সেতুবন্ধন আরও সুদৃঢ় করে গড়ে তোলা। সেই সেতুর মূল উপকরণ কী হবে, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। এ সেতুবন্ধনের মূল উপকরণ কংক্রিট, সিমেন্ট বা রড নয়। বরং এ সেতুবন্ধনের মূল উপাদান হবে শিক্ষা।”

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, “চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ সম্পর্ক বিনির্মাণে জোর দিয়েছিলেন। এ সম্পর্কই আগামীর প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে বিশেষ ভূমিকা রাখবে। বিশেষ করে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের উন্নয়নে চীন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”

‘বাংলাদেশ একটি জনবহুল দেশ। আমরা যদি এ জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারি, তাহলে দেশকে আরও উন্নত পর্যায়ে নিতে সক্ষম হবো। এজন্য আমাদের টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন খাতে গুরুত্ব দিতে হবে। দেশের বর্তমান প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক মানের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা আরও বাড়াতে হবে’-উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সিসিএস একাডেমিক বোর্ডের চেয়ারম্যান চেন ডংশিয়াও।

আপনার জেলার সংবাদ পড়তে