‘চুমু খাও, নইলে কাজ নেই’ বলিউডের কঠোর বাস্তবতা

এফএনএস বিনোদন: | প্রকাশ: ৮ মে, ২০২৬, ০৬:১৫ পিএম
‘চুমু খাও, নইলে কাজ নেই’ বলিউডের কঠোর বাস্তবতা

বলিউডের ঝলমলে পর্দার আড়ালে লুকিয়ে থাকা অপ্রিয় বাস্তবতা খোলাখুলি তুলে ধরেছেন অভিনেত্রী নওহিদ সাইরুসি। ‘আনওয়ার’ খ্যাত এই নায়িকা দীর্ঘদিন বড় পর্দায় অনুপস্থিত থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইন্ডাস্ট্রির ‘অঘোষিত শর্তের’ কথা জানিয়েছেন। ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে নওহিদ বলেন, বর্তমানে অনেক চুক্তিতে ধরে নেওয়া হয় অভিনেত্রীকে চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্যে স্বচ্ছন্দ থাকতেই হবে। গল্পের প্রয়োজন না থাকলেও অকারণে এমন দৃশ্য ঢোকানো হয়। তিনি স্পষ্ট জানান, “আমি এতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। না বলার আগেই অনেক প্রকল্প থেকে বাদ পড়তে হয়েছে।”

শুধু অন্তরঙ্গ দৃশ্য নয়, অর্থনৈতিক বিষয়েও অসন্তোষ প্রকাশ করেছেন নওহিদ। তাঁর অভিযোগ, শুটিং শেষ হওয়ার পর প্রায় ২৫ শতাংশ টাকা আটকে রাখা হয়। ছবি ফ্লপ করার অজুহাত দেখিয়ে অনেক সময় সেই টাকা আর দেওয়া হয় না। তিনি বলেন, “আমি আমার কাজ ঠিকমতো করেছি, কিন্তু টাকা না পেলে কার কাছে বিচার চাইব?”

নওহিদ আরও জানান, তিনি কখনোই বলিউডের তথাকথিত ‘ইনার সার্কেলে’ ছিলেন না। প্রযোজক-পরিচালকদের নির্দিষ্ট গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক না থাকায় তাঁকে শুধু ছোটখাটো চরিত্রে (কারো বোন, ভাবি ইত্যাদি) সীমাবদ্ধ রাখা হতো।

অভিনয় থেকে দূরে সরে এসে নওহিদ এখন সোশ্যাল মিডিয়ায় বেশি সক্রিয়। তিনি বলেন, “আমি বুঝেছি, ইনস্টাগ্রামই আমার জন্য ঠিক জায়গা। এখানে আমি নিজেকে নিজের মতো করে প্রকাশ করতে পারি।”নওহিদ সাইরুসির এই স্বীকারোক্তি বলিউডের নারী অভিনেতাদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জ নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে।

(সূত্র: নওহিদ সাইরুসির ইনস্টাগ্রাম ভিডিও ও সাক্ষাৎকার)