গত বছর ব্রাজিল কোচের দায়িত্ব নেন কার্লো আনচেলত্তি। ইতালিয়ান লিজেন্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপে তোলেন। সেলেসাওদের হেক্সা মিশনে সফল করতে প্রস্তুতি নিচ্ছেন তিনি। তার আগেই আরেকটি বিশ্বকাপ পর্যন্ত তাকে রাখতে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)। রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও চেলসির ৬৬ বছর বয়সী সাবেক কোচ তার সম্ভাব্য চুক্তির মেয়াদ বাড়াতে কয়েক মাস ধরে সিবিএফ-এর সঙ্গে কথা বলে যাচ্ছেন। ফেডারেশনের প্রেসিডেন্ট সামির ঝাউদ বলেছেন, তিনি নিশ্চিত বিশ্বকাপের আগেই আনুষ্ঠানিকভাবে আনচেলত্তির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হবে। ফোর্তালেজায় ফুটপ্রো এক্সপো কনফারেন্সে ঝাউদ বলেছেন, সিবিএফ ও আনচেলত্তির আইনি উপদেষ্টারা ইতালিয়ানের নতুন চুক্তির বিভিন্ন দিক নিয়ে কাজ করছেন। এই বিশ্বকাপের পরও বর্তমান দায়িত্ব পালনের আগ্রহ বেশ কয়েকবার প্রকাশ করেন ইতালিয়ান কোচ। আগামী ১৮ মে রিও ডি জেনিরোতে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছেন আনচেলত্তি। ৩১ মে মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে ম্যাচ খেলে বিশ্বকাপের জন্য দেশ ছাড়বে সেলেসাওরা। তাদের ঘাঁটি হবে নিউ জার্সিতে। সি গ্রুপে তাদের প্রতিপক্ষ হাইতি, মরক্কো ও স্কটল্যান্ড।