লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ৯ মে, ২০২৬, ১২:১১ পিএম
লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি

ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ঢাকা ত্যাগ করেছেন।

বঙ্গভবনের প্রেস উইংয়ের বরাত দিয়ে বাংলাদেশ বার্তা সংস্থা (বাসস) জানায়, আজ শনিবার (৯ মে) সকাল ৭টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০১ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।বিমানবন্দরে তাকে বিদায় জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাষ্ট্রপতির পরিবারের সদস্য, রাষ্ট্রপতির চিকিৎসকরা, স্টাফ নার্স ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এ সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন।

চিকিৎসকের পরামর্শক্রমে ফলোআপ হিসেবে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

চিকিৎসা শেষে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে