রবীন্দ্রজয়ন্তীতে পার্থ বড়ুয়ার কণ্ঠে ‘মেঘ বলেছে যাবো যাবো এবার’

এফএনএস বিনোদন | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০১:২৫ পিএম
রবীন্দ্রজয়ন্তীতে পার্থ বড়ুয়ার কণ্ঠে ‘মেঘ বলেছে যাবো যাবো এবার’

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে নতুন আয়োজনে শ্রোতাদের সামনে এসেছে ‘মেঘ বলেছে যাবো যাবো এবার’। জনপ্রিয় ব্যান্ড ‘সোলস’-এর পরিবেশনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন পার্থ বড়ুয়া। ৭ মে বিকেল ৫টায় ব্যান্ডটির ইউটিউব চ্যানেল ও স্পটিফাইয়ে প্রকাশ করা হয়েছে গানটি।

রবীন্দ্রসংগীতকে নতুন প্রজন্মের কাছে অন্যভাবে পৌঁছে দিতে দীর্ঘদিন ধরেই গানটি নিয়ে পরিকল্পনা করছিল ব্যান্ডটি। সেই ভাবনা থেকেই নতুনভাবে সংগীতায়োজন করা হয়েছে গানটির। তবে মূল স্বরলিপির প্রতি বিশেষ গুরুত্ব রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ব্যান্ডের অন্যতম সদস্য ও কি বোর্ডিস্ট মীর মাসুম এক বিজ্ঞপ্তিতে বলেন, “গানটি অনেক আগেই রেকর্ড করেছি আমরা। অনেকদিনের ইচ্ছে ছিল পার্থ দা’র গানটি করার। আমরা সবাই মিলে দারুণভাবে গানটি করেছি। চেষ্টা করেছি পুঙ্খানুপুঙ্খরূপে স্বরলিপি অনুসরণ করে গানটি করতে।”

সোলস বর্তমানে তাদের ৫০ বছর পূর্তি উপলক্ষে একাধিক আনপ্লাগড গান প্রকাশ করছে। এরই মধ্যে প্রকাশ হয়েছে তিনটি গান। তবে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে সাময়িক বিরতি দিয়ে বিশেষ এই গানটি প্রকাশ করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে আবারও প্রতি সপ্তাহে একটি করে নতুন গান প্রকাশের পরিকল্পনা রয়েছে ব্যান্ডটির। সেই ধারাবাহিকতায় সামনে আসছে তাদের জনপ্রিয় গান ‘মন শুধু মন ছুঁয়েছে’।

পার্থ বড়ুয়ার কণ্ঠে প্রকাশিত ‘মেঘ বলেছে যাবো যাবো এবার’ নতুন করে শ্রোতাদের মধ্যে সাড়া ফেলবে বলেই আশা করছেন ব্যান্ডসংশ্লিষ্টরা। বিশেষ করে রবীন্দ্রসংগীত ও ব্যান্ডসংগীতের ভিন্নধর্মী এই মেলবন্ধন ইতোমধ্যেই সংগীতপ্রেমীদের আগ্রহ কাড়ছে।

আপনার জেলার সংবাদ পড়তে