এল ক্লাসিকোর আগে

রিয়াল শিবিরে অশান্তি, ভালভার্দে ও চুয়ামেনিকে কোটি টাকার জরিমানা

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০১:৪২ পিএম
রিয়াল শিবিরে অশান্তি, ভালভার্দে ও চুয়ামেনিকে কোটি টাকার জরিমানা

বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোর আগে বড় ধরনের অস্বস্তিতে পড়েছে রিয়াল মাদ্রিদ। অনুশীলনের সময় নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ায় দলের দুই তারকা মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে এবং অরেলিয়েন চুয়ামেনিকে বিশাল অঙ্কের জরিমানা করেছে ক্লাবটি।

শুক্রবার (৭ মে) ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, দুই খেলোয়াড়ের প্রত্যেককে ৫ লাখ ইউরো করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ তদন্তও শেষ হয়েছে বলে জানিয়েছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার অনুশীলনের সময় চুয়ামেনি ও ভালভার্দের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি ধস্তাধস্তিতে গড়ায়। ঘটনার সময় মাথায় আঘাত পান উরুগুইয়ান মিডফিল্ডার ভালভার্দে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কপালের ক্ষতস্থানে সেলাই দিতে হয়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভালভার্দে দাবি করেন, সেখানে কোনো ঘুষাঘুষি হয়নি। তিনি লেখেন, “খেলার চাপ আর হতাশা থেকেই পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল। তর্কের সময় ভুলবশত একটি টেবিলের সঙ্গে ধাক্কা লেগে আমার কপাল কেটে যায়। আমার সতীর্থ আমাকে মারেননি, আমিও তাকে আঘাত করিনি।”

রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানায়, দুই খেলোয়াড়ই নিজেদের আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন। তারা ক্লাব, সতীর্থ, কোচিং স্টাফ ও সমর্থকদের কাছেও ক্ষমা চেয়েছেন। ক্লাব জানিয়েছে, “উভয় খেলোয়াড়ই শাস্তিমূলক সিদ্ধান্ত মেনে নিয়েছেন।”

ঘটনার পর শুক্রবার চুয়ামেনি অনুশীলনে ফিরলেও ভালভার্দের এল ক্লাসিকোয় খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কয়েকটি সূত্র বলছে, মাথার চোটের কারণে তাকে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।

এদিকে মাঠের পারফরম্যান্সেও চাপে আছে রিয়াল মাদ্রিদ। লা লিগার শিরোপা দৌড়ে বর্তমানে বার্সেলোনার চেয়ে পিছিয়ে আছে দলটি। রোববারের এল ক্লাসিকোয় হার এড়াতে পারলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে এফসি বার্সেলোনার।

ফলে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ড্রেসিংরুমের এই অস্থিরতা কোচিং স্টাফের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।

আপনার জেলার সংবাদ পড়তে