লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, ৪ যাত্রী নিহত, আহত ১৫

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০২:৪০ পিএম
লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, ৪ যাত্রী নিহত, আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় শনিবার সকাল সাড়ে ১১টার দিকে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ফোর সিজন রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টের সামনের এই দুর্ঘটনায় ৪ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৫ জন।

নিহত রেহেনা বেগম (৬৬) চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার বদিউল আলমের স্ত্রী। পরে আহতদের উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজন মারা যান। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বাসে থাকা এক যাত্রী বলেন, চট্টগ্রামগামী বাস মারসা পরিবহনের চালক কক্সবাজারের হারবাং ইউনিয়ন এলাকায় আরেকটি গাড়ির চালকের সাথে কথা কাটাকাটি করায় মেজাজ হারিয়ে ফেলে। পরে ফোর সিজন রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টের সামনে আসার পর কক্সবাজারগামী আরেকটি মারসা পরিবহনের সঙ্গে তার বাসের সংঘর্ষ হয়।

প্রত্যেক্ষদর্শীর দেওয়া তথ্যমতে, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী মারছা পরিবহনের দুটি বাস ওই এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় দুই চালক একে অপরের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটির মধ্যে সংঘর্ষ হয় এবং রাস্তার দুপাশে থাকা গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী প্রাণ হারান। সংঘর্ষে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে এক নারীর লাশ উদ্ধার করেন। গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে লোহাগাড়া ট্রমা সেন্টারে চিকিৎসাধীন আরও তিনজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফিরোজ খান জানান, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর ও নিচে আটকে পড়া ১০ জনের বেশি যাত্রীকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের অনেকের হাত কিংবা পা কেটে গেছে। আহতদের উদ্ধার করে দ্রুত পদুয়া ট্রমা সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে