কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৪, আহত ৩০

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) :
| আপডেট: ৯ মে, ২০২৬, ০৩:৪২ পিএম | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০৩:৪০ পিএম
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৪, আহত ৩০

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চুনতি এলাকায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘঠনা ঘটেছে। এ ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় গাড়িতে অন্তত ৩০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, ঝিনাইদহ জেলার সদর থানার গোপালপুর ইউনিয়নের চান আলীর পুত্র বিজিবি সদস্য নাইমুল ইসলাম জিহান(২১), ঝিনাইদহ সদর থানার গোপালপুরের আনোয়ারের পুত্র মোঃ নাইম(২১), চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার  হাবিলাসদ্বীপ ইউনিয়নের পাচুরিয়া ৫ নং ওয়ার্ডের বদিউল আলমের স্ত্রী রেহেনা বেগম (৬০) এবং ভোলা জেলার মোঃ মনির ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক ১১ টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চুনতি ফোর সিজন এলাকায় চট্টগ্রাম মুখি যাত্রীবাহী মারছা পরিবহন এবং কক্সবাজার মুখি আরেকটি যাত্রীবাহী মারছা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হলে চট্টগ্রাম মুখি মারছা পরিবহনটি একটি দোকানে ঢ়ুকে পড়ে এবং কক্সবাজার মুখি অপর মারছা বাসটি একটি গাছসহ মহাসড়কের পাশে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে এক নারীর দ্বিখণ্ডিত মাথাসহ মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠায়। পরে লোহাগাড়া উপজেলার ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন জনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি

দোহাজারী হাইওয়ে থানার এসআই আবদুস সাত্তার জানান,  চট্টগ্রামমুখী একটি মারছা পরিবহনের বাসের সঙ্গে কক্সবাজারমুখী অপর একটি মারছা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কক্সবাজারগামী মারছা বাসটি সড়কের পূর্ব পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে, অপর চট্টগ্রাম গামী মারছা বাসটি সড়কের পাশের দোকানে ঢ়ুকে পড়ে, সংঘর্ষে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এদিকে দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন চৌধুরী জানান, হতাহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে