প্রকাশ্যে ‘গুপ্তধনের খোঁজে’র ফার্স্ট লুক পোস্টার ও অফিসিয়াল টিজার

এফএনএস বিনোদন | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০৩:৪৪ পিএম
প্রকাশ্যে ‘গুপ্তধনের খোঁজে’র ফার্স্ট লুক পোস্টার ও অফিসিয়াল টিজার

বাংলাদেশের শিশু-কিশোর চলচ্চিত্রে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে প্রকাশ করা হয়েছে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ অ্যাডভেঞ্চার চলচ্চিত্র ‘গুপ্তধনের খোঁজে’র ফার্স্ট লুক পোস্টার ও অফিসিয়াল টিজার। সম্প্রতি জমকালো আয়োজনে অনুষ্ঠিত বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় সিনেমাটির পোস্টার ও টিজার।

প্রকাশিত ফার্স্ট লুক পোস্টারে রহস্য ও রোমাঞ্চের আবহ স্পষ্টভাবে ফুটে উঠেছে। অন্যদিকে টিজারে দেখা গেছে রহস্যময় পরিবেশ, গুপ্তধনের ইঙ্গিত, বিপজ্জনক অভিযান এবং শিশু চরিত্রগুলোর সাহসী যাত্রার কিছু ঝলক। প্রকাশের পর থেকেই এটি দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

রহস্য, ইতিহাস, বন্ধুত্ব, সাহসিকতা ও রোমাঞ্চকর অভিযানের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। নির্মাতাদের প্রত্যাশা, ভিন্নধর্মী গল্প ও আন্তর্জাতিক মানের উপস্থাপনার মাধ্যমে বাংলা শিশুতোষ সিনেমায় নতুন মাত্রা যোগ করবে ‘গুপ্তধনের খোঁজে’।

সিনেমাটি প্রযোজনা করেছেন ‘একজীবন’খ্যাত মডেল ও অভিনেতা অন্তু করিম। প্রযোজনা প্রতিষ্ঠানে রয়েছে পেন্টাগন ফিল্মস এবং সহ প্রযোজক হিসেবে যুক্ত রয়েছে এমএস মাল্টিমিডিয়া।

নির্মাতা সূত্রে জানা গেছে, এটি শুধু বিনোদননির্ভর চলচ্চিত্র নয়। গল্পের প্রতিটি ধাপে শিশুদের কল্পনাশক্তি, সাহসিকতা ও দলগত বন্ধনের শক্তিকে গুরুত্ব দেওয়া হয়েছে। রহস্যময় মানচিত্র, অজানা সংকেত, হারিয়ে যাওয়া ইতিহাস ও বিপজ্জনক অভিযানের মধ্য দিয়ে এগিয়ে যাবে কাহিনি।

চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে এক রহস্যময় গুপ্তধনের সন্ধানকে ঘিরে। বহু বছর আগে হারিয়ে যাওয়া এক ইতিহাসের সূত্র ধরে একদল কিশোর-কিশোরী জড়িয়ে পড়ে রোমাঞ্চকর অভিযানে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলা সেই যাত্রা দর্শকদের নিয়ে যাবে ভিন্নধর্মী এক সিনেমাটিক অভিজ্ঞতায়।

সিনেমাটির গল্প লিখেছেন অন্তু করিম। চিত্রনাট্য করেছেন নিজাম ইউ খান, রাইসুল ইসলাম অনিক ও রাসিদুর রহমান। পরিচালনায় রয়েছেন তরুণ নির্মাতা রাইসুল ইসলাম অনিক।

চলচ্চিত্রটি নিয়ে পরিচালক রাইসুল ইসলাম অনিক বলেন, “আমরা এমন একটি শিশুতোষ চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করেছি যেখানে শুধু বিনোদন নয়, বরং শিশুদের কল্পনাশক্তি, সাহসিকতা, ইতিহাস সম্পর্কে আগ্রহ এবং বন্ধুত্বের মূল্যবোধ ফুটে উঠবে। বাংলাদেশের শিশু-কিশোর দর্শকদের জন্য মানসম্মত অ্যাডভেঞ্চারধর্মী চলচ্চিত্র খুব কম নির্মিত হয়। সেই জায়গা থেকেই ‘গুপ্তধনের খোঁজে’ নির্মাণের উদ্যোগ।”

প্রযোজক অন্তু করিম বলেন, “বাংলাদেশে শিশুতোষ চলচ্চিত্রের বিশাল সম্ভাবনা রয়েছে। আমরা চাই নতুন প্রজন্ম বাংলা ভাষায় এমন গল্প দেখুক যা তাদের আনন্দ দেবে, ভাবাবে এবং অনুপ্রাণিত করবে। ‘গুপ্তধনের খোঁজে’ সেই স্বপ্ন থেকেই নির্মিত।”

নির্মাতারা জানিয়েছেন, দেশের বিভিন্ন মনোরম ও বৈচিত্র্যময় লোকেশনে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। পাশাপাশি ভিজ্যুয়াল উপস্থাপনা, ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সিনেমাটোগ্রাফিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে দর্শকরা বড় পর্দায় আন্তর্জাতিক মানের অ্যাডভেঞ্চারধর্মী অভিজ্ঞতা উপভোগ করতে পারেন।

সংশ্লিষ্টদের মতে, বাংলা শিশুতোষ চলচ্চিত্রের বর্তমান প্রেক্ষাপটে ‘গুপ্তধনের খোঁজে’ গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে। শিশু-কিশোরদের পাশাপাশি পরিবারভিত্তিক দর্শকরাও সিনেমাটি উপভোগ করবেন বলে আশা প্রকাশ করেছেন নির্মাতারা। খুব শিগগিরই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

‘গুপ্তধনের খোঁজে’ সিনেমায় অভিনয় করেছেন ওমর তন্ময় ফিয়ান, সৌহার্দ্য চৌধুরী, যায়ান মুহাম্মদ রুয়াইফি, তাহানি শামস নাওমি, ইরফান রহমান, সাইফ খান, নুসরাত আফরীন ইয়ুমনা, নিশক তারেক আজিজ, রুহনাজ নাওয়ার কাশফিসহ আরও অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে