রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আসাদুজ্জামান নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় সিয়াম সরদার নামে ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় আসামি করা হয় আসাদুজ্জামান নূরকেও। সিয়ামের বাবা সোহাগ সরদার ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন।
এরপর ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই আদেশে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকেও কারাগারে পাঠানো হয়েছিল।
আদালত সূত্র জানায়, মিরপুর ও রমনা থানার পৃথক দুটি হত্যা মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন সাবেক এই মন্ত্রী। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
রাজনৈতিক অঙ্গন ও সাংস্কৃতিক পরিমণ্ডলে পরিচিত মুখ আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো নিয়ে শুরু থেকেই আলোচনা ছিল। হাইকোর্টের এই আদেশের পর নতুন করে বিষয়টি রাজনৈতিক মহলেও আলোচনায় এসেছে।