অভয়নগরে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত, হেলপার আহত

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ১০ মে, ২০২৬, ০৪:২১ পিএম
অভয়নগরে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত, হেলপার আহত

যশোরের অভয়নগরে ভাঙ্গাগেটে ট্রেনের ধাক্কায় মনোয়ার হোসেন (৩২) নামে একজন ট্রাকচালক নিহত ও তার সহকারী (হেলাপার) গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটেছে রবিবার (১০মে) দুপুরে উপজেলার ভাঙ্গাগেট মশরহাটী গ্রামে আকিজ রিসোর্সের কয়লার ডিপোর সামনে যশোর-খুলনা রেললাইনে।

নিহত ট্রাকচালক মনোয়ার হোসেন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আহত হেলপার রায়হান (২৯) একই ইউনিয়নের হাজিপুর মুন্দিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত হেলপার রায়হান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে (ঢাকা মেট্রো-ট ১৮- ৭৮৩৬) ট্রাক নিয়ে আকিজ রিসোর্সের কয়লার ডিপোর সামনে পৌঁছায়। রেললাইন পার হওয়ার সময় যশোরগামী ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে উল্টে যায়। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ধাক্কায় ট্রাকের ভেতর থেকে চালক ছিটকে রেললাইনে আছড়ে পড়ে ঘটনাস্থলে মারা যান। পরে ট্রাকের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় হেলপারকে উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর প্রায় এক ঘন্টা রেল চলাচল বন্ধ ছিল। 


স্থানীয় মটর শ্রমিক নেতা ও ট্রাকচালক নূর শেখ বলেন, আকিজ রিসোর্সের কয়লার ডিপো থেকেয়লা লোড করতে হলে যশোর-খুলনা রেললাইন ক্রস করতে হয়। আর সেই ক্রসিংয়ের স্থানটি অরক্ষিত। যে কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আমাদের এক ট্রাকচালক ভাই মারা গেছেন এবং তার সহকারী আহত হয়েছেন। 

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত বলেন, ‘রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোরগামী মহানন্দা একপ্রেস ট্রেনের ধাক্কায় একটি খালি ট্রাক দুমড়ে-মুচড়ে উল্টো যায়। ঘটনাস্থলে ট্রাকের চালক মারা যান এবং তার হেলপার আহত হন। মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে