রাজশাহীতে মানববন্ধন

সড়ক দুর্ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণের দাবি

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ১০ মে, ২০২৬, ০৫:১৪ পিএম | প্রকাশ: ১০ মে, ২০২৬, ০৫:১৪ পিএম
সড়ক দুর্ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণের দাবি
রাজশাহীতে সড়ক দুর্ঘটনার সুষ্ঠু বিচার এবং ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় নগরীর বেলপুকুর এলাকায় রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর মালিক-শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ইউনিয়নের নেতৃবৃন্দ ও শ্রমিকরা বলেন, সড়কে দুর্ঘটনা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হলেও দুর্ঘটনার পর বারবার ট্রাক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা উদ্বেগজনক হয়ে উঠেছে। এতে গাড়ির মালিকদের পাশাপাশি শ্রমিকরাও আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়ছেন। বক্তারা অভিযোগ করেন, বিশেষ করে বালুবাহী ট্রাক দুর্ঘটনার পরই বেশি হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটছে। অথচ অন্যান্য যানবাহনের দুর্ঘটনায় এ ধরনের পরিস্থিতি খুব কম দেখা যায়। তাদের দাবি, এসব ঘটনার পেছনে কোনো উসকানিদাতা বা স্বার্থান্বেষী মহল জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ট্রাক ও যানবাহনের মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান তারা। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাইনুল ইসলাম মানা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মধু, সাংগঠনিক সম্পাদক সিদ্দীক, যুগ্ম সাধারণ সম্পাদক নসিব শাহ এবং সদস্য মো. রায়হান আলীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
আপনার জেলার সংবাদ পড়তে