লালপুরে পার্কে বিদেশি নাগরিকদের হয়রানি, গ্রেফতার ১

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ১০ মে, ২০২৬, ০৬:০৮ পিএম
লালপুরে পার্কে বিদেশি নাগরিকদের হয়রানি, গ্রেফতার ১

নাটোরের লালপুর উপজেলার গ্রীন ভ্যালি পার্কে বিদেশি নাগরিকদের সঙ্গে অশোভন আচরণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মে উপজেলার লালচানপাড়া এলাকায় অবস্থিত গ্রীন ভ্যালি পার্কে কথিত টিকটকার মোহাম্মদ সাধু “টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬”শিরোনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের জন্য পার্কের মাঠ ভাড়া নেওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে প্রায় ১০০ থেকে ১২০ জন নারী-পুরুষ পার্কে প্রবেশ করে অস্থায়ী মঞ্চ নির্মাণের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে। একই দিন দুপুর আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে পার্কের ‘সন্ধ্যা মালতি’ নামক পিকনিক স্পটের পাশ দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিক হেঁটে যাওয়ার সময় অনুষ্ঠানে অংশ নেওয়া ১০ থেকে ১৫ জন ব্যক্তি তাদের পথরোধ করে অশালীন ভাষায় মন্তব্য করে এবং ভিডিও ধারণ করে বলে অভিযোগ ওঠে। ঘটনার বিষয়টি জানতে পেরে পার্কের ম্যানেজার এসএম ওয়াজেদুর রহমানসহ অন্যান্য কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিকেল ৫টার দিকে অনুষ্ঠান শেষ হলে অংশগ্রহণকারীরা পার্ক ত্যাগ করেন।

পরদিন ৯ মে সকালে একটি ফেসবুক আইডি থেকে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে বিদেশি নাগরিকদের উদ্দেশে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য করে হয়রানির দৃশ্য দেখা যায়, যা দেশব্যাপী নিন্দার জন্ম দেয়। এ ঘটনায় পার্কের ম্যানেজার বাদী হয়ে লালপুর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। মামলার পর লালপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে নাটোর ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভিডিও ধারণ ও ভাইরাল করার অভিযোগে রাজশাহীর মোহনপুর থানার হরিদাগাছি এলাকার তমির উদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম (২৯) কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রাজশাহীর তানোর উপজেলার আড়াদিঘি এলাকার মো. রাসেল ইসলাম (২৩) ঘটনাটির সঙ্গে জড়িত কি না, তা তদন্তাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে