আত্মহত্যা নয়, খুন করা হয়েছে ভারতের ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবেকে। সম্প্রতি এ শোবিজ তারকার মৃত্যু মামলার শুনানিতে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। গত শুক্রবার অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের মৃত্যু মামলার শুনানি সম্পন্ন হয়। শুনানিতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভোজপুরী গায়ক সমর সিং এবং তার ভাই সঞ্জয় সিংকে নোটিস পাঠায় এলাহাবাদ হাই কোর্ট। অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুর তদন্তে জানা যায়, প্রাথমিকভাবে মনে করা হয়েছিল অভিনেত্রী আত্মহত্যা করেছেন। তবে ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পায়নি পুলিশ। তাই সারনাথ থানার স্টেশন হাউস অফিসারকে পাল্টা হলফনামা জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে হলফনামা জমা না পড়লে আগামী ২২ মে তাকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হতে হবে। একই সাথে আদালত জানিয়েছে, এ মামলার শুনানি শেষ হয়ে গেলেও কিছু নতুন বিষয় সামনে এসেছে, যেসব বিষয়ে আরও শুনানি প্রয়োজন। পরবর্তী শুনানির তারিখ আগামী ২২ মে ধার্য করে আদালত জানায়, সামনে আসা বিষয়গুলোর সুস্পষ্ট ব্যাখ্যার পরই এ মামলার রায় ঘোষণা করা হবে। ২০২৩ সালের ২৬ মার্চ ভারতের বারাণসীর সারনাথ এলাকার একটি হোটেলের রুম থেকে উদ্ধার করা হয়েছিল ২৫ বছর বয়সি ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবে-র মরদেহ। প্রাথমিকভাবে পুলিশ একে আত্মহত্যার ঘটনা বললে আকাঙ্ক্ষার পরিবার তা মেনে নেয়নি। প্রথম থেকেই পরিবারের দাবি, মেয়েকে খুন করা হয়েছে। এরপর আকাঙ্ক্ষার পরিবারের অভিযোগের ভিত্তিতে সমর সিং এবং তার ভাই সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা ও অপরাধমূলক হুমকির অভিযোগ দায়ের হয়। তাদের গ্রেফতারও করা হয় কিন্তু পরে তারা জামিন পেয়ে যান।