ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত প্রক্টর ইসরাফিল রতন

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১০ মে, ২০২৬, ০৮:২৮ পিএম | প্রকাশ: ১০ মে, ২০২৬, ০৮:০৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত প্রক্টর ইসরাফিল রতন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে পরিবর্তন এসেছে। সদ্য সাবেক প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং রতনকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলাম ১০ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রচলিত শর্তে ইসরাফিল প্রাং রতনকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন। দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

নতুন দায়িত্ব পাওয়া ইসরাফিল রতন বর্তমানে চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্বও পালন করেছেন। প্রশাসনিক ও শিক্ষাগত দুই ক্ষেত্রেই তার অভিজ্ঞতা রয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে।

এর আগে রোববার দুপুরে উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন সদ্য সাবেক প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেন। পরে তিনি বলেন, “আমি গত ২০ মাস প্রক্টরের দায়িত্ব পালন করেছি। এখন সবকিছু একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় এসেছে। তাই পরিবারকে একটু সময় দিতে চাই।”

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে ২০২৪ সালের ২৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব নেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। দায়িত্ব পালনকালে ক্যাম্পাসের আইনশৃঙ্খলা, শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক সূত্র বলছে, সহকারী প্রক্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকায় ইসরাফিল রতনের ওপর আস্থা রেখেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে কাজ করাই এখন তার বড় চ্যালেঞ্জ হবে।

আপনার জেলার সংবাদ পড়তে