চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন দেওয়ানজী পুকুরপাড় এলাকায় নিজ বাসা থেকে পলি চৌধুরী নামে এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় বাসার দরজা খুলে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে শরীরে পচন ধরেছিল এবং কিছুটা ফুলে গিয়েছিল। এ কারণে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক রাশেদ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যান। তিনি বলেন, “বাসার ভেতর থেকে দরজা খোলা হচ্ছিল না। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দরজা খুলে ঘরের ভেতরে ফ্লোরে শোয়া অবস্থায় তাকে মৃত পাওয়া যায়।”
স্থানীয় সূত্র জানায়, ৪৬ বছর বয়সী পলি চৌধুরী অবিবাহিত ছিলেন এবং একাই ওই বাসায় থাকতেন। তার বাবা মারা গেছেন এবং মা দেশের বাইরে অবস্থান করছেন। পরিবারের সদস্যরা শনিবার (৯ মে) থেকে তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছিলেন না।
নিহতের বোন জানান, ফোনে যোগাযোগ না হওয়ায় তারা রোববার বাসায় এসে দরজা বন্ধ দেখতে পান। পরে সন্দেহ হলে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। এরপর দরজা খুলে ভেতরে মরদেহ দেখতে পান।
পুলিশ বলছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। ঘটনাটি ঘিরে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।