নারায়ণগঞ্জে ফতুল্লায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ বাবা ও তিন ছেলে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১১ মে, ২০২৬, ১২:৪৯ পিএম
নারায়ণগঞ্জে ফতুল্লায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ বাবা ও তিন ছেলে

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে রয়েছেন বাবা আব্দুল কাদের এবং তার তিন ছেলে।

সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার শিবু মার্কেটসংলগ্ন কুতুবপুর রাখিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ছুটে গিয়ে দেখতে পান, ঘরের দরজা ও জানালা ভেঙে ছিটকে পড়েছে। ভেতর থেকে দগ্ধ অবস্থায় বেরিয়ে আসছিলেন পরিবারের সদস্যরা।

দগ্ধরা হলেন আব্দুল কাদের (৫০), তার ছেলে মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। পরিবারটি ওই এলাকায় ভাড়া বাসায় থাকত। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের সময় ঘরের ভেতরে বাবা ও তিন ছেলে ঘুমিয়ে ছিলেন। পরিবারের মা বাইরে পানি আনতে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পান।

প্রতিবেশী মো. ফারুক জানান, “বিকট শব্দ শুনে আমরা ঘর থেকে বের হয়ে যাই। গিয়ে দেখি দরজা-জানালা ভেঙে গেছে। ভেতর থেকে দগ্ধ অবস্থায় তারা বের হচ্ছিলেন। পরে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।”

স্থানীয়দের ধারণা, গ্যাস লিকেজ থেকে ঘরের ভেতরে জমে থাকা গ্যাস অথবা ফ্রিজের কম্প্রেসার থেকে বিস্ফোরণের সূত্রপাত হতে পারে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গেছে। মেহেদীর ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ এবং রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি বলেন, “মেহেদী ও রাকিবের শ্বাসনালীও দগ্ধ হয়েছে। চারজনের অবস্থাই গুরুতর।”

পরিবারের সদস্যদের পেশার তথ্যও জানা গেছে। আব্দুল কাদের অটোরিকশাচালক। তার ছেলে মেহেদী হালিম বিক্রি করতেন, সাকিব একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং রাকিব চটপটি বিক্রি করতেন।

আপনার জেলার সংবাদ পড়তে