সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) :
| আপডেট: ১১ মে, ২০২৬, ০১:০৯ পিএম | প্রকাশ: ১১ মে, ২০২৬, ০১:০৯ পিএম
সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়েছেন বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল। রোববার সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে এই ঘটনা ঘটে। সোমবার সকালে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে এসেছেন। আহত বাবলু গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে। বনজীবী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু সংগ্রহ করছিলেন। সকাল আটটার দিকে হঠাৎ একটি রয়েল বেঙ্গল টাইগার ঝোপের আড়াল থেকে বেরিয়ে বাবলু গাজীর ওপর হামলা করে। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্য মৌয়ালরা লাঠিসোটা নিয়ে ও চিৎকার করে বাঘটিকে তাড়া করলে সেটি বাবলুকে ছেড়ে বনের ভেতরে চলে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় বাবলুকে উদ্ধার করে লোকালয়ের উদ্দেশ্যে রওনা হন অন্য মৌয়ালরা। সোমবার সকালে তাঁরা শ্যামনগরের নীলডুমুর ঘাটে পৌঁছান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ছেলের ওপর বাঘের আক্রমণের বর্ণনা দিয়ে বাবলু গাজীর বাবা মালেক গাজী বলেন, ‘আমরা একসঙ্গে মধু সংগ্রহ করছিলাম। চোখের পলকেই বাঘটি এসে আমার ছেলের ওপর ঝাঁপিয়ে পড়ে। আল্লাহর রহমতে ও বেঁচে আছে।’ এ বিষয়ে বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা ইরফান হোসেন জানান, মৌয়াল আহত হওয়ার খবরটি তাঁরা জেনেছেন। বন বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে